― Advertisement ―

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য। তিনি ১৮৯২ সালের পর নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন।

গতকাল মঙ্গলবার (৪ নভোম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এই নতুন ইতিহাস গড়লেন। নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করছিলেন। তবে গত সেপ্টেম্বরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

নির্বাচনী প্রচারণায় মামদানি নিউইয়র্কবাসীর জন্য ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দেন। এক বছর আগে অল্প পরিচিত অবস্থায় মেয়র পদে লড়াই শুরু করেছিলেন মামদানি। কিন্তু শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও তার ব্যক্তিত্ব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।

জোহরান মামদানিকে ঠেকাতে শেষ পর্যন্ত ভোটের মাঠে সক্রিয় ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের সরাসরি আহ্বানও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।

মামদানির বিজয় পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে উপস্থিত হয়ে ভিড়ের মধ্যে সবার সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।