― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা আসায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, ‘আমাদের বড় দাবি পূরণ হয়েছে। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।’

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সকালের দিকে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে এই বাড়িভাড়া বাড়ানো হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত অনুমোদন দিয়ে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চলতি বছরের নভেম্বরের ১ তারিখ থেকে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম দুই হাজার টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে। এর সঙ্গে কিছু শর্ত যোগ করা হয়েছে।

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কপি আন্দোলনকারীদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আর আববার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চলতি বছরের পহেলা নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়িভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে ১২ই অক্টোবর থেকে টানা আন্দোলন করেছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। আন্দোলনের এক পর্যায়ে তাদের পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এরপরে তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন করতে শুরু করেন।

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।