― Advertisement ―

ভূমধ্যসাগরে নিখোঁজ বাংলাদেশের ৩৫ অভিবাসনপ্রত্যাশী তরুণ

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশে রওনা দেওয়া একটি নৌকা নিখোঁজ হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর হদিস মেলেনি। যেখানে ছিলেন হবিগঞ্জের ৩৫ তরুণ। এতে নিখোঁজদের পরিবারগুলো চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ যুবকদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পহেলা অক্টোবর লিবিয়ার ত্রিপলি থেকে চারটি নৌকা ইতালির উদ্দেশে ভূমধ্যসাগরে পাড়ি জমায়। এরমধ্যে তিনটি নৌকা ইতালিতে পৌঁছালেও একটি নৌকা এখনও নিখোঁজ রয়েছে। ওই নৌকাতেই ছিলেন হবিগঞ্জের অন্তত ৩৫ তরুণসহ প্রায় ৭০ জন অভিবাসনপ্রত্যাশী।

নিখোঁজদের বেশিরভাগই হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর, বানিয়াচং উপজেলার সদর ও তারাসই এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।

নিখোঁজ আলফাজ মিয়া রনির বড় ভাই মনির মিয়া জানান, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামের লিবিয়া প্রবাসী হাসান আশরাফের মাধ্যমে ওই যুবকেরা ১৭-২০ লাখ টাকা করে দিয়ে ইতালি যাওয়ার উদ্যোগ নেন।

এ বিষয়ে লিবিয়ায় অবস্থানকারী দালাল হাসান আশরাফ বলেছেন, ‘অনেক সময় ইতালিয়ান সীমান্তরক্ষীদের হাতে আটক হলে তাদের খোঁজ পেতে ১০-১৫ দিন লেগে যায়। কখনও ২০ দিন পরও খবর পাওয়া যায়। যদি লিবিয়া বা তিউনিসিয়ায় আটক হতো, তাহলে খবর পাওয়া যেত। এমনকি মৃত্যু হলেও লাশ উদ্ধারের তথ্য পাওয়া যেত।’

হাসান আশরাফ দাবি করেন, তিনি এতদিনে তিন হাজারের বেশি মানুষকে ওই পথে ইতালি পাঠিয়েছেন, কারও কোনও সমস্যা হয়নি।