― Advertisement ―

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব দিলেন ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের জন্য এ আহ্বান জানিয়েছেন তিনি।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ডব্লিউএফএফ) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেওয়া মূল বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘ক্ষুধা কোনো অভাবের কারণে নয়, বরং এটি বর্তমান অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা। এই কাঠামো বদলাতে হবে, নইলে ক্ষুধা ও বৈষম্যের দুষ্টচক্র থেকে বিশ্ব কখনো মুক্তি পাবে না ‘

প্রধান উপদেষ্টার ছয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে, যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু ও সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য সরবরাহ নিশ্চিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ ও জলবায়ু সংকটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, তরুণ কৃষি উদ্যোক্তাদের অর্থায়ন ও বৈশ্বিক অংশীদারত্বে সহায়তা, রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি।

ড. ইউনূস বলেন, “২০২৪ সালে বিশ্বে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ যথেষ্ট খাদ্য উৎপাদিত হয়েছে। এটি উৎপাদনের নয়, বরং অর্থনৈতিক ও নৈতিক ব্যর্থতা। তিনি প্রশ্ন তোলেন, ক্ষুধা দূর করতে যেখানে কয়েক বিলিয়ন ডলার পাওয়া যায় না, সেখানে অস্ত্র কেনায় বিশ্ব ২.৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করছে, একে কি আমরা অগ্রগতি বলব?”

বক্তব্যের শুরুতে অধ্যাপক ইউনূস বলেন, ‘এফএও’র ৮০ বছর পূর্তি শুধু উদযাপন নয়, এটি ভবিষ্যতের প্রস্তুতির আহ্বান। এ বছরের প্রতিপাদ্য- ‘হাত ধরে হাতে, উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের পথে’- আমাদের মনে করিয়ে দেয়: খাদ্য শুধু ক্যালরির ব্যাপার নয়, এটি মর্যাদার, ন্যায়ের এবং আমরা কেমন পৃথিবীতে বাস করতে চাই তার প্রতিচ্ছবি।’

সূত্র: বাসস