নিজস্ব প্রতিবেদক
দুই দিন পেছানো হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আগামী ১৫ই অক্টোবরের পরিবর্তে দুই দিন পিছিয়ে ১৭ই অক্টোবর শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার জন্য সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
ঐকমত্য কমিশন সূত্র বলছে, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নিজেদের সুপারিশ এখনো চূড়ান্ত করেনি ঐকমত্য কমিশন। তারা এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে। সনদ বাস্তবায়নের উপায় বিশেষ করে গণভোটের দিন এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মতপার্থক্য কমিয়ে আনা যায় কি না, সেই চেষ্টা অব্যাহত রেখেছে ঐকমত্য কমিশন।
প্রধান উপদেষ্টা ইতালির রোম সফর শেষে দেশে ফেরার পর আগামী বুধ বা বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ তাঁর কাছে জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
সূত্র জানায়, কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর শেষ হওয়ার কথা। তবে ৩০ অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা চলছে।



