নিজস্ব প্রতিবেদক
খ্যাতনামা আলোকচিত্রশিল্পী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় বিমানবন্দরের ভিআইপি গেটে তাঁকে স্বাগত জানান তাঁর পরিবার, শুভানুধ্যায়ী, এবং ড্রিক ও পাঠশালার কর্মকর্তারা।
“গাজার মানুষ এখনো মুক্ত নয়”
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহিদুল আলম। এ সময় তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসাই আমাকে দেশে ফিরতে সম্ভব করেছে। কিন্তু মনে রাখতে হবে, গাজার মানুষ এখনো মুক্ত নয়। তারা এখনো হামলা ও নিপীড়নের শিকার হচ্ছে। আমাদের কাজ এখানেই শেষ নয়।” শহিদুল আলমের এই বক্তব্য ড্রিকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ
শহিদুল আলম তাঁর মুক্তির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, এবং বাংলাদেশ ও তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফ্লোটিলা থেকে আটক
গত বুধবার, শহিদুল আলমসহ আরও কয়েকজন মানবাধিকার কর্মী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC)-এর বহরে করে গাজা, ফিলিস্তিনের উদ্দেশে যাত্রা করছিলেন। পথে তাঁদের আটক করে ইসরায়েলি বাহিনী, পরে পাঠানো হয় কেতজিয়ত কারাগারে।
ঘটনার পরপরই বাংলাদেশের জর্ডান, মিশর ও তুরস্কস্থ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
গতকাল শুক্রবার, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শহিদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখান থেকে একই দিনে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে শনিবার ভোরে দেশে ফেরেন।
বিমানবন্দরে পৌঁছে পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের আলিঙ্গনে আবেগাপ্লুত হন এই আলোকচিত্রশিল্পী।



