নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) অথবা নিরাপদে বেরিয়ে যাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায় নাহিদ ইসলামের কিছু মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম যিনি নিজেই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‘সেফ এক্সিট’ ছাড়াও কিছু ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে তাঁর ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কিছু প্রশ্ন ও উদ্বেগও তৈরি করেছে।
এ নিয়ে গতকাল বুধবার (৮ অক্টোবর) প্রথমবারের মতো কোনও উপদেষ্টা প্রকাশ্যে কথা বললেন। পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই প্রমাণ করতে হবে।’
নাহিদ ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। তবে, বিষয়টি নিয়ে তারা বিব্রত ও ক্ষুব্ধ—সেটা জানিয়েছেন।
তাদের কেউ কেউ বলেছেন, ‘এ নিয়ে কথা বলার সময় শেষ হয়ে যায়নি, অপেক্ষা করুন।’
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছেন।’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা ঘোষণা করেছিলেন সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি তথ্য উপদেষ্টা হয়েছিলেন। তবে গত ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ।
নাহিদ ইসলামের মন্তব্যের পরে উপদেষ্টাদের ‘এক্সিট’ নিয়ে এনসিপির আরও কয়েকজন নেতাকে মন্তব্য করতে দেখা গেছে।
নাহিদ ইসলামের বক্তব্যের পাঁচ দিন পর বিষয়টি নিয়ে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই প্রমাণ করতে হবে। আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাব।’ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘নাহিদ ইসলাম কী কারণে, কোন অভিমান থেকে উপদেষ্টাদের সেফ এক্সিট বা এসংক্রান্ত মন্তব্য করেছেন, সেটি তাঁদের দলের মন্তব্য। অনেক রাজনৈতিক দলের নেতা নানা বিষয়ে নানা কথা বলে যাচ্ছেন, সরকারের বিভিন্ন বিষয়ে। এটা বলা তাদের তো অধিকার! এটাই তো গণতন্ত্রের চর্চা।’



