ছবির কথায় আজ থাকছে দক্ষিণাঞ্চলের পর্যটন নগর কুয়াকাটায় অনুষ্ঠিত হওয়া বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার কথা। তথ্য ও ছবি পাঠিয়েছেন আবুল হোসেন রাজু।

পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের পাড়ায়-পাড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী প্রাণের উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’। উৎসবকে ঘিরে কুয়াকাটা ও আশপাশের উপকূল জুড়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস।

উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ বিহারগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘরবাড়ি সাজানোর কাজ ও নতুন পোশাক কেনাসহ নানা প্রস্তুতি।

গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়।

বৌদ্ধদের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হলো প্রবারণা পূর্ণিমা। এই পূর্ণিমা রাতে বৌদ্ধরা ফানুস উড়িয়ে আকাশ আলোকিত করেন।

কুয়াকাটাসহ কলাপাড়া উপজেলার ২৮টি রাখাইন পল্লীতে একযোগে চলছে এই উৎসব। বর্তমানে ফানুস উড়ানো শুধু বৌদ্ধদের নয়, বরং স্থানীয়ভাবে এটি এখন সার্বজনীন আনন্দোৎসবে পরিণত হয়েছে।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্রমোহন ভিক্ষু বলেন, “আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার বার্তা নিয়েই এই উৎসব।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, “প্রতিটি রাখাইন পল্লীতে প্রবারণা পূর্ণিমা উৎসব পালনের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রাখাইনরা যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, “রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।”



