নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী আরো কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাত বেশি হচ্ছে বলেও জানানো হয়েছে।
রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতবছরের এই সময়ের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি। লঘুচাপটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
“মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তাই ঢাকার চেয়ে বরং খুলনা ও বরিশাল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি দেশের উত্তর-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হতে পারে” বলেও জানান তিনি।
এছাড়া আগামী ২৪শে সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটিও ঘণীভূত হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার শঙ্কা নেই।



