নিজস্ব প্রতিবেদক
আষাঢ়-শ্রাবণের বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই। প্রকৃতিতে এখন ঋতুর রাণী শরৎকাল। জলবায়ু পরবির্তনে ঋতুর গতিপ্রকৃতিও যেন বদলে গেছে। বর্ষার রূপ মেলছে শরতে এসে। মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিভাগীয় শহর।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলছিল। ভারী বর্ষণে রাজধানী সহ বিভাগীয় শহর যেমন বরিশাল ও চট্টগ্রামের প্রধান সড়কগুলো ও বিভিন্ন এলাকার অলিগলি পানিতে ডুবে গেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
জানা গেছে, রাজধানীর মিরপুর, উত্তরা, বিজয় সরণি, ধানমন্ডি ২৭, শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, রামপুরা, পুরান ঢাকার অলিগলিসহ নগরীর প্রায় প্রতিটি গলি এখন পানিতে ডুবে আছে। কোনো কোনো এলাকার বড় রাস্তায়ও ডুবে গেছে বৃষ্টির পানিতে। হাতিরঝিলের কিছু এলাকাতেও পানি জমে আছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে যানজটও তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রবিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এদিকে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।



