নিজস্ব প্রতিবদেক
রাজনৈতিক দলের চারজন শীর্ষস্থানীয় নেতাকে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দেবেন। আগামী ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সফরে তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সেখানে তিনি বিশ্বদরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।



