ডেস্ক রিপোর্ট
রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সদস্যরা।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম নরেন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত পক্ষের সশস্ত্র গ্রুপের একটি আস্তানার খবর পাওয়া যায়। সেখানে সেনাবাহিনী পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর কিছু সময় গোলাগুলি হয়।
একপর্যায়ে টিকতে না পেরে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, ৩টি দেশীয় বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, এক সেট ব্যাটারি, একটি জিপিএস ডিভাইস, কলম আকৃতির ৩টি গোপন ভিডিও ক্যামেরা, বোতাম আকৃতির ২টি ক্যামেরা, ইউপিডিএফের ৩টি পতাকা, পোশাক, চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।
আজ দুপুরে জোন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আভিযানের বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা।
এ সময় তিনি বলেন, ‘পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্রধারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।



