ডেস্ক রিপোর্ট
র্যাব পরিচয়ে ডাকাতি করছিল চার ব্যক্তি। খবর পেয়ে ওই ভুয়া র্যাবকে ধাওয়া করে আসল র্যাব। এ সময় স্থানীয় জনতা সড়কে প্রথমে ভুয়া র্যাব সদস্যদের গাড়ি আটকায় এবং তাদের পরিচয় জানত চায়। তারা তখন র্যাব পরিচয় দেয়।
এ সময় সন্দেহ হলে তাদের ধরে পিটুনি দেয় জনতা। এরপর ঘটনাস্থলে আসে আসল র্যাবের গাড়ি। তখন জনতা জিজ্ঞেস করে তারা কারা। ওই গাড়ির র্যাব সদস্যরা, র্যাব পরিচয় দেয়। এ সময় কারো কারো গায়ে সাদা পোশাক ছিল। ফলে বিভ্রান্ত জনতা তাদেরও ভুয়া র্যাব মনে করে পেটায়।
পরে স্থানীয় থানা থেকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে এই দুই পক্ষকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র্যাব-১০–এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করে আসছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয় পক্ষের ওপর চড়াও হন। কিছু র্যাবের সদস্যরা সাদাপোশাকে থাকায় উত্তেজিত লোকজন তাঁদের চিনতে ভুল করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, জনতার দোষ কি? তারাতো বিভ্রান্ত হয়ে পড়েছেন। তাই আসল নকল উভয়কেই পিটিয়েছে। তবে এই ঘটনা প্রমাণ করে দেশ এখন জনতার।
মারধরের শিকার ভুয়া র্যাব পরিচয়দানকারী ব্যক্তিরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের স্বপন খান (৪৫), চাঁদপুর সদরের মদনা গ্রামের মিন্টু গাজী (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের মো. সাইফুল ইসলাম (৩০), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মো. জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের দিদার (২৯)।
তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসামিরা দুজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি করেছিলেন।



