― Advertisement ―

নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে বাংলাদেশিসহ চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দিদারুল ইসলাম নামে নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত।

স্থানীয় সময় গতকাল সোমবার রাতের ব্যস্ত সময়ে ম্যানহাটনে এ ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গুলি করে হত্যাকাণ্ড চালিয়ে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশী বংশোদ্ভূত দিদারুল ইসলাম

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে চারজন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলেও জানানো হয়।

সন্দেহভাজন বন্দুকধারী। ছবি সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলি ভরা ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে। তার নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন।

লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সী শেন তামুরাকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ।