― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কবে হবে জাতীয় সংসদ নির্বাচন ?

নিজস্ব প্রতিবেদক :

গেল বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবর ছিলো দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো। অনেক রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবী তুললেও বিএনপি দ্রুত নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা দাবি জানিয়ে আসছে।

নির্বাচনের দিনক্ষণ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাগণ নির্বাচনের বিভিন্ন সময়ের কথা বলেছেন। শুরু থেকেই ২০২৫ সালের যেকোন সময় এবং ২০২৬ সালে জুন মাসে নির্বাচন হওয়ার কথা বার বার বলা হয়।

প্রধান উপদেষ্টা ও সিইসি’র সৌজন্য সাক্ষাৎ:

গত বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সেখানে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সিইসি।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তার ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন।’ জবাবে সিইসি জানিয়েছেন, ‘পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।’
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনায় যথাসময়ে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।’

লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক:

গত শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি (সরকার ও বিএনপি) পড়ে শোনান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তাতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রীর দিকনির্দেশনা:

আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সভায় একই সাথে নির্বাচনের আগে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত দুটি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি নির্বাচনের ঠিক আগে।

টিবিএম/জ/রা