নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তার সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে নিহত নাঈমের সহপাঠী শ্রী পল্লব কুমার শীল বলেন, তারা উত্তর হাই স্কুলের শিক্ষার্থী। সেখান থেকে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজে। নাঈম কমার্স বিভাগের ছাত্র ছিল। আজকে নাঈমের ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা গামী একটি বিআরটিসির ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায় নাঈম। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও কৌশলে চালক পালিয়ে যায়।
মুঠোফোনে নাঈমের মা মনোয়ারা বেগম বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে উত্তরা ১৪নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় থাকে। তার ছেলে উত্তরা হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে সহপাঠিরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানায়, উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



