ডেস্ক রিপোর্টঃ গাজা উপত্যকায় ফের রক্তাক্ত দিন পার করল ফিলিস্তিনিরা। শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে ইতোমধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় ৫১ হাজার মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৭ হাজার। তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
গতকালকের হামলা ছিল উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা জুড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটি ও উত্তরাঞ্চল। দক্ষিণের রাফা শহরের শাবৌর ও তেল আস সুলতান এলাকায় গড়ে তোলা সামরিক ঘাঁটি থেকেই এ হামলা চালায় আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, “হামাসকে পরাজিত করা ও জিম্মিদের মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি চূড়ান্ত বিজয়ের পথে।”
এদিকে গতকাল ছিল খ্রিস্টানদের জন্য পবিত্র দিন ‘গুড ফ্রাইডে’। কিন্তু গাজার চার্চগুলোতে এবারের আয়োজন ছিল নিঃশব্দ ও বিষণ্ণ। স্থানীয় বাসিন্দা ইহাব আয়াদ বলেন, “এবার গুড ফ্রাইডেতে আমি কারও সঙ্গে দেখা করতে পারিনি। আমাদের চারপাশ ধ্বংস হয়ে গেছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। এরপর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সাময়িক যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু হয়, যাতে গত এক মাসেই প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি। সূত্রঃ আল জাজিরা
বিএম/সজীব



