ডেস্ক রিপোর্টঃ ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন।
রবিবার মণিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল সমাবেশ হয়। জাতীয় সড়ক ১০২ নম্বরের পাশে আয়োজিত এই বিক্ষোভে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। সমাবেশ থেকে বিলের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বক্তব্য রাখেন সমাজকর্মী ও সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ। তিনি বলেন, “ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতিমালার পরিপন্থী এবং এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”
বিক্ষোভের ধারাবাহিকতায়, সন্ধ্যার পর মণিপুর রাজ্যের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। অভিযোগ, ওয়াকফ বিলের প্রতি সমর্থন জানিয়েছিলেন আসকার আলী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম, কিয়ামগেই মুসলিম এলাকাসহ বিষ্ণুপুর জেলার সোরা অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিএম/সজীব



