বিশেষ প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বরিশাল জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কোনো দপ্তরে হস্তান্তরের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভে বক্তারা বলেন, ‘জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকাই সঠিক সিদ্ধান্ত।
কারণ, এটি সরাসরি জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। যাদের হাতে জন্মনিবন্ধন, তারাই এই প্রক্রিয়া পরিচালনার জন্য উপযুক্ত।
পরিচয়পত্রের দায়িত্ব অন্য কোনো দপ্তরে স্থানান্তরিত হলে এর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেবে এবং জনগণ দুর্ভোগে পড়বে।
তাঁরা আরও বলেন, ‘এনআইডি সংক্রান্ত সেবা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের অধীনে চলে যায়, তবে সাধারণ মানুষের হয়রানি ও জটিলতা বাড়বে। বিভিন্ন সরকারি-বেসরকারি কাজ, ব্যাংকিং কার্যক্রম, পাসপোর্ট, জমিজমা সংক্রান্ত বিষয়সহ নানাবিধ সেবার জন্য এনআইডির প্রয়োজন হয়।
ফলে নির্বাচন কমিশনের মাধ্যমে এটি পরিচালিত হওয়াই সর্বোত্তম।
বিক্ষোভকারীরা এসময় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব অন্য কোনো দপ্তরে স্থানান্তরিত হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।
এটি শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থের বিষয় নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের স্বার্থের সঙ্গে সম্পর্কিত।’ সরকার যদি এ সিদ্ধান্ত থেকে না সরে, তবে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
বিএম/জ/রা



