বিশেষ প্রতিনিধি: সরকারি কলেজে ২০১৮ সালের বিধি অনুযায়ী আত্তীকৃত শিক্ষকদের বেতন সংরক্ষণসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারি কলেজ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, আওয়ামী শাসনামলে প্রণীত ২০১৮ সালের আত্তীকরণ বিধিমালার কারণে তারা বৈষম্যের শিকার হয়েছেন। তারা সরকারের উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
একই সঙ্গে তিন মাসের মধ্যে দাবিগুলো মানা না হলে সারাদেশের ৩২৬ কলেজের ১৫ হাজার শিক্ষক কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে প্রধান অতিথি সরকারি সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. ইসাহাক বলেন, বেসরকারি কলেজ থেকে সরকারিকরণের সময় শিক্ষকদের বেতন গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে, যা দ্রুত সংশোধন করা প্রয়োজন।
এছাড়া আত্তীকরণ বিধিমালা ২০১৮ সংশোধন করে শিক্ষকদের পদোন্নতি ও বদলির ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ এবং আগের কলেজের অভিজ্ঞতা কার্যকাল হিসেবে গণনার দাবিও তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, আত্তীকরণের সময় ট্রেনিংয়ের কারণে শিক্ষকদের পাঁচ বছরের বেতন আটকে যায়, যা এখনও পুরোপুরি পরিশোধ করা হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত এ বকেয়া বেতন পরিশোধের আহ্বান জানান তারা।
সরকারি কলেজ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির সহসভাপতি এজেডএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. ইসাহাক।
শিক্ষক খান মো. দিদার হোসেন ও ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি জাকারিয়া মাহমুদ, আ.ন.ম. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইলিয়াস মাহবুবুল মাওলা ও মাহবুব আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং সদস্য মাহফুজা আফরোজ।
বিএম/জ/রা



