নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবনের সামনে যাত্রীবাহি বাসের ধাক্কায় রাজিব হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।
মুমূর্ষ অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষনা করেন।
ঢাকা মেডিকেলে পথচারী মোঃ সোহেল বলেন, বিকালে ওই অটোরিকশা চালক যাত্রী নিয়ে বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল।
এসময় বিকল্প পরিবহনের একটি রিকশাটিকে ধাক্কা দেয়। রিকশা থেকে ছিটকে পরে আহত হয় রিকশা চালক। দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। তবে রিকশার যাত্রী অক্ষত আছে।
হাসপাতালে রাজিবের বাবা রিপন হাওলাদার বলেন, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুলগ্রাম ডাসার এলাকায়।
বর্তমানে সবুজবাগ মাদারটেক সরকারপাড়া এলাকায় থাকে। পেশায় অটোরিকশা চালক ছিল রাজিব। বিকালে জানতে পারি বাস ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেলে আছে।
পরে হাসপাতালে এসে রাজিবের মরদেহ দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টন এলাকা থেকে পথচারীরা মুমূর্ষ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএম/জ/রা


