ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। বাঙালি জাতির ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ উদ্যাপনের এই ঘোষণা গভর্নর ক্যাথি হোকুলের মাধ্যমে ২৩৪ নম্বর প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত হয়। নিউইয়র্কের রাজধানী আলবেনিতে গভর্নরের কার্যালয় এবার থেকে এই দিনটি বাঙালির বৃহত্তম উৎসব হিসেবে উদ্যাপন করবে।
নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্টেট সিনেটর লুইস সেপুলভেদার প্রস্তাবে, ২২ জানুয়ারি রাজ্যের আইনসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণাটি ইতিমধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।
ঘোষণায় উল্লেখ করা হয়, বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় নেওয়া হয়েছে। এই স্বীকৃতি নিউইয়র্কের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে এবং এই রাজ্যের বাংলাদেশি ও পশ্চিম বাংলার অভিবাসীদের অবদানের প্রতি সম্মান জানাবে।
ঘোষণায় আরও বলা হয়, মুঘল আমলে পয়লা বৈশাখ উদ্যাপনের সূচনা হয়। বর্তমানে এটি বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে উদ্যাপিত হয়।
নিউইয়র্কে প্রতিনিয়ত বেড়ে চলা বাংলাদেশি অভিবাসীদের কথা তুলে ধরে বলা হয়, প্রতি বছর প্রায় ১০ হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যার একটি বড় অংশ নিউইয়র্কের বাসিন্দা। ২০২২ সাল থেকে এই দিনটি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়ে আসছে, যা বাঙালি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করেছে।
এ স্বীকৃতি শুধু একটি দিন উদ্যাপনের নয়, বরং এটি বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির গুরুত্ব এবং ঐতিহ্যের স্থায়ী ছাপ রাখার এক অনন্য উদাহরণ।
বিএম/সজীব



