ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের অল–পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এএপিজি) প্রকাশিত বিতর্কিত প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত নভেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্ত ও কার্যক্রমের সমালোচনা করা হয়। তবে এতে অসত্য তথ্য ব্যবহারের অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট ও ত্রুটিপূর্ণ বলে আখ্যা দেন।
লেবার পার্টির এমপি রূপা হক এই প্রতিবেদনকে কুচক্রী প্রচারণার অংশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি।
অধ্যাপক নাওমি হোসেন প্রতিবেদনটির মৌলিক ত্রুটি এবং পক্ষপাতের সমালোচনা করে একে জবাবদিহিতার জন্য অকার্যকর বলে অভিহিত করেছেন।
প্রতিবেদনটির লেখকরা ভারতের একটি চিন্তন প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করেছিলেন বলে জানা গেছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পক্ষপাতিত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
তবে প্রতিবেদনের বিতর্কিত বিষয়গুলো তুলে ধরার পর এটি বিতরণ বন্ধ করে ব্রিটিশ সরকার পর্যালোচনা প্রক্রিয়া শুরু করেছে। এমপি রূপা হকের মতো আরও অনেকে প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিএম/সজীব



