পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী অভিযোগ করছেন, নির্মাণ কাজের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে, যা সরাসরি তাদের পরিবেশ এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে।
সূত্র অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর বরিশাল বিভাগের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বাউফলের বগা থেকে বাহেরচর পর্যন্ত দুটি প্যাকেজে এই কাজ শুরু হয়। এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের কাজটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনুচ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানকে।
তবে সরেজমিন পরিদর্শনকালে সড়ক প্রশস্তকরণের কাজের গুণমান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বগা হোগলা ব্রিজ থেকে দরিয়াবাদ পর্যন্ত সড়কের দুই পাশে ৮ ফুট প্রশস্তকরণের কাজ চলছে, তবে এই কাজের জন্য নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
কনকদিয়া ব্রিজবাজার এলাকার আবু মিয়া নামক এক ব্যক্তি জানান, ভাটার পরিত্যক্ত ইট দিয়ে সাববেজ (রাস্তায় ভিত্তি স্থাপন) নির্মাণ করা হচ্ছে। এছাড়া সিডিউল অনুযায়ী অধিকাংশ জায়গায় সড়কটি ৮ ফুটের পরিবর্তে কম প্রশস্ত করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, আগে সড়কটি ছিল ১০ ফুট প্রশস্ত, কিন্তু এখন ৮ ফুট প্রশস্ত করে মোট ১৮ ফুট সড়ক নির্মাণ করার পরিকল্পনা ছিল। তবে কাজের নিম্নমানের উপকরণের ব্যবহার এবং সিডিউলের বাইরেও কাজ হওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সড়ক পরিদর্শনের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। তবে এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সিডিউল মেনেই কাজ করা হচ্ছে। বাউফল উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানিয়েছেন, প্রকল্পটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



