ঘুম শুধু বিশ্রাম নয়, এটি মানুষের শরীর ও মনের জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা। আধুনিক জীবনের ব্যস্ততা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও অনিয়মিত জীবনযাপনের কারণে বর্তমানে মানুষের মধ্যে ঘুমের ঘাটতি বাড়ছে। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তি, মনোযোগের অভাব, স্মৃতিশক্তি দুর্বল হওয়া ও মানসিক অস্থিরতা দেখা দেয়।
মনোরোগ বিশেষজ্ঞ এর মতে,
“ঘুম মানুষের মস্তিষ্ককে নতুন করে শক্তি জোগায়। নিয়মিত ভালো ঘুম না হলে বিষণ্নতা ও দুশ্চিন্তার ঝুঁকি বেড়ে যায়।”
শুধু মানসিক নয়, শারীরিক স্বাস্থ্যের জন্যও ঘুম অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তবে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাত জেগে মোবাইল ব্যবহার, অনলাইন গেম ও সোশ্যাল মিডিয়ায় আসক্তির কারণে ঘুমের সময় কমে যাচ্ছে। এতে পড়াশোনা ও কর্মক্ষেত্রে মনোযোগ কমছে এবং কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে।
চিকিৎসকেরা ভালো ঘুমের জন্য কিছু পরামর্শ দিয়েছেন—
নিয়মিত সময়ে ঘুমাতে যাওয়া, ঘুমানোর আগে মোবাইল ও টিভি দেখা কমানো, হালকা খাবার খেয়ে ঘুমানো এবং ঘুমের পরিবেশ শান্ত রাখা।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ জীবন ও সুন্দর ভবিষ্যতের জন্য ঘুমকে অবহেলা নয়, বরং অগ্রাধিকার দেওয়াই সময়ের দাবি।



