― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

আগাম তরমুজে হাসি ফুটেছে কুয়াকাটার চাষিদের মুখে

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগর তীরের অনাবাদী বালুচরে আগাম তরমুজ চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন উপকূলীয় কৃষকরা। আমন ধান কাটার পর দীর্ঘকাল পতিত থাকা জমিতে এখন শীতকালেই শোভা পাচ্ছে রসালো তরমুজ। নির্দিষ্ট সময়ের আগেই ফলন বাজারে আসায় এবং ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।

স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াকাটার জাহাজমারা, মৌডুবি ও আশপাশের বালুচর এলাকাগুলো আগে বছরের অনেকটা সময় অনাবাদী পড়ে থাকত। গত তিন বছর ধরে সেখানে পরিকল্পিতভাবে আগাম তরমুজের আবাদ শুরু হয়েছে। সাধারণত জানুয়ারি মাসে তরমুজের আবাদ শুরু হয়ে এপ্রিলে ফলন আসে, কিন্তু এই চরাঞ্চলে ডিসেম্বরেই আবাদ শুরু হওয়ায় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই তরমুজ বাজারজাত করা সম্ভব হচ্ছে।

জাহাজমারা এলাকার কৃষক মনজু পেধা (৪৮) জানান, এ বছর তিনি তিন বিঘা জমিতে তরমুজ আবাদ করেছেন। ফলন অত্যন্ত ভালো হয়েছে এবং বাজারমূল্য ভালো পাবেন বলে তিনি আশাবাদী। তবে চাষাবাদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে মিঠা পানির সংকট। সাগরের চারদিকে নোনা পানি হওয়ায় তারা খেতের পাশে বড় বড় কুয়া খনন করে বৃষ্টির মিঠা পানি জমিয়ে সেচ দিচ্ছেন।

কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন বলেন, “উপকূলীয় বালুচরে আগাম তরমুজ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে চাষিদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য মিঠা পানির জলাধার ও সেচ সুবিধা বৃদ্ধি করা জরুরি।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ জানান, পতিত জমি আবাদের আওতায় আসায় উপকূলের কৃষি অর্থনীতি শক্তিশালী হচ্ছে। সরকারি উদ্যোগে জলাধার সংরক্ষণ ও সেচ ব্যবস্থার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কৃষকদের এই সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

সরকারি সহায়তা ও মিঠা পানির সুব্যবস্থা নিশ্চিত করা গেলে এই বালুচরগুলো দেশের তরমুজ চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।