ঝালকাঠিতে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর সুগন্ধা নদীর তীর থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পৌরসভার খেয়াঘাট এলাকার নতুন চরের একটি ঘাটলা সংলগ্ন স্থান থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। রহস্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সোমবার রাত থেকে নিলুফা ইয়াসমিন নিখোঁজ ছিলেন। সারা রাত খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। সকালে নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্বজনদের ভাষ্যমতে, নিহতের শরীরে থাকা নাক ও কানের স্বর্ণালঙ্কার নিখোঁজ রয়েছে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হলে এত দ্রুত মরদেহ ভেসে ওঠার কথা নয়—এমন যুক্তি দেখিয়ে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ গুরুত্বের সাথে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।



