চারটি বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষিত নারীর অবয়বে ‘রোবট ট্রাফিক পুলিশ’ সড়কে নামিয়েছে চীন। পুলিশি পোশাক পরা এই রোবট দেশটির পূর্বাংশের আনহুই প্রদেশের উহু শহরের ব্যস্ত সড়কে গত শনিবার থেকে দায়িত্ব পালন শুরু করেছে।
এই স্মার্ট রোবটটি মানব ট্রাফিক পুলিশের সঙ্গে তালমিলিয়ে সড়ক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার নিখুঁতভাবে কাজে অংশ নিচ্ছে।
উহু শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি পোশাক পরা, বুকে ট্রাফিক পুলিশের লোগো ও নম্বর সংবলিত রোবটটিকে দেখা যায় ট্রাফিক নির্দেশ দিতে। ছোট একটি চলমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রোবটটি নিজে নিজেই নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারে এবং প্ল্যাটফর্ম ঘুরিয়ে চারদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।

এ ছাড়াও রোবটটি মূলত চারটি বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষিত। ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা তৈরি, মোড়ে যান চলাচল সমন্বয়, অনিয়মিত আচরণ শনাক্ত করে সতর্ক করা এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ।
ট্রাফিক লাইট ও ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যস্ত সময়ে রোবটটি মানব পুলিশকে পুনরাবৃত্তিমূলক কাজে সহায়তা করতে পারে।
সূত্র: সিসিটিভি



