দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ শে জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। পরীক্ষামূলক ভাবে এই ফ্লাইটগুলো আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে। এরপর যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট দুটি চলাচল করবে।
নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের প্রতিনিধিরা বলছেন, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় চালু করার জন্য গত কয়েক মাস ধরেই পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক ভালো হওয়ায় এই রুটটি পুনরায় চালু হচ্ছে।



