― Advertisement ―

ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক

গত বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুর দিকে ভারতীয় একজন শীর্ষস্থানীয় একজন কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের কথা গোপন রাখার বিষয়ে জামায়াত আমির বলছেন, ভারতীয় ওই কর্মকর্তার অনুরোধেই বিষয়টি গোপন রাখা হয়।

ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোন জবাব দেয়নি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সবার একে অপরের প্রতিও উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।’

জামায়াত আমির বলেন, ‘শেখ হাসিনা পালানোর পরও ভারতে অবস্থান করায় বিষয়টি উদ্বেগের। তার পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।’

অপরদিকে, পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কখনোই কোনো এক দেশের দিকে ঝুঁকে পড়তে আগ্রহী নই।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের আগস্টে তরুণদের নেতৃত্বে হওয়া এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর জামায়াতের এই পুনরুত্থান ঘটে।

শেখ হাসিনার আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে নিষিদ্ধ। হাসিনা ছিলেন জামায়াতের কঠোর সমালোচক। তার শাসনামলে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।