― Advertisement ―

নাইজেরিয়ায় মুসলিম জনগোষ্ঠী লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আফ্রিকার নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে বলে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাইজেরিয়ান সরকারের প্রত্যক্ষ্য সহযোগীতায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোতো রাজ্যের মুসলিম জনগোষ্ঠীকে ইসলামিক স্টেট বা আইএস ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এ হামলা চালানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ‘এই গোষ্ঠীটি খ্রিস্টানদের হত্যা করছে, তাই মার্কিন সেনাবাহিনী একাধিক হামলা চালিয়েছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তিনি “নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। মেরি ক্রিসমাস!”

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি নেতৃত্বে থাকা অবস্থায়, আমাদের দেশ কখনোই উগ্র ইসলামি সন্ত্রাসবাদকে বিকশিত হতে দেবে না”।

তবে সহিংসতা পর্যবেক্ষণকারী বিভিন্ন গোষ্ঠী বলছে, নাইজেরিয়ায় মুসলমানদের তুলনায় খ্রিস্টানরা বেশি হত্যার শিকার হচ্ছেন—এমন কোনো প্রমাণ নেই। মোটামুটি সমান সংখ্যক মুসলমান ও খ্রিস্টান দেশটিতে বসবাস করে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার মধ্যাঞ্চলেও পানি ও চারণভূমির দখল নিয়ে প্রধানত মুসলিম পশুপালক এবং অনেক খ্রিস্টান কৃষক গোষ্ঠীর মধ্যে ঘন ঘন সংঘর্ষের ঘটনা ঘটে।

পাল্টাপাল্টি সহিংসতার এই প্রাণঘাতী চক্রে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এসব ঘটনায় উভয় পক্ষই নৃশংসতা চালিয়েছে, বলছে মানবাধিকার সংগঠনগুলো।