ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় মুদ্রায় নয় কোটি ২০ লাখ রুপি, বর্তমান বিনিময়মূল্য অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা দাম উঠেছে মুস্তাফিজুর রহমানের।
ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এর আগেও মুস্তাফিজই ছিলেন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। গত আসরে মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
এবারের নিলামেও মুস্তাফিজকে ঘিরে ছিল প্রবল আগ্রহ। এর আগে তিনি পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন।
৩০ বছর বয়সী এই বাংলাদেশি বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। নিলামের শুরুতেই চেন্নাই সুপার কিংস দর হাঁকায়। এরপর দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স প্রতিযোগিতায় যোগ দিলে দাম দ্রুতই বেড়ে যায় মুস্তাফিজের।
শেষ পর্যন্ত মুস্তাফিজকে নিয়ে নিলামে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স। ফলে এবারের আসবে কলকাতা নাইট রাইডার্সে জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশি এ তারকা।



