― Advertisement ―

বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চায় বড় বাধা রাজনীতি : ধর্ম উপদেষ্টা

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চার ক্ষেত্রে রাজনীতি বড় বাধা বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার একটি রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু আমি যখন উপদেষ্টার আসনে বসেছি, তখন আমার দলীয় পরিচয় নেই। আমি সক্রিয়, দায়বদ্ধ জাতি ও সরকারের কাছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাজীবনে কে কোন দল করল, আমি সেটা দেখিনি। পেশাগত জীবনে কেউ সৎ ও সক্রিয় কি না, আমি সেটা দেখেছি। বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কেন্দ্রে পরিণত হবে কেন?

আ ফ ম খালিদ বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে দেখেছি, দলীয় দৃষ্টিকোণের বাইরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মচারী-কর্মকর্তার নিয়োগ হয়নি। আমরা আশাবাদী, এই ব্যবস্থার পরিবর্তন হবে।’

বিশ্ববিদ্যালয়ে রাজনীতির প্রসঙ্গ তুলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতি আমাদের জ্ঞানচর্চার ক্ষেত্রে বড় বাধা। শিক্ষার উচ্চ স্তরে আমরা কোনো ধরনের দলীয় রাজনীতি চাই না।’