ববি প্রতিনিধি
অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদন পেয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় বাকসু গঠনতন্ত্রের অনুমোদন দেয়া কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ইংরেজি নাম হবে -Barishal University Central Students’ Union (BUCSU) এবং এর বাংলা নাম হবে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)।
গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বাকসুর খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে প্রশাসনের কালক্ষেপন নিয়ে প্রশ্ন তুললে বাকসুর খসড়া গঠনতন্ত্র সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে অনুমোদন দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষামন্ত্রালয়ে পাঠানো হবে। তারপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ববি শিক্ষক ড. হাফিজ আশরাফুল হক বলেন, সিন্ডিকেটে ছাত্র সংসদের গঠনতন্ত্র পাশ হয়ে গেছে। বাকি প্রক্রিয়াগুলো শেষ হলেই দ্রুত বাকসু অনুষ্ঠিত হবে আশাকরি।
প্রসঙ্গত, সরকারী বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকসু নাম নিয়ে বিতর্ক চলছিল।



