নিজস্ব প্রতিবেদক
১১ই নভেম্বরের আগে ৫ দফা দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
দাবিগুলো হলো, নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা। নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টাকে ‘রেফারির ভূমিকায়’ থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে। সেই সঙ্গে আমাদের দাবিগুলোও জানানো হয়েছে। ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিলাম, দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে।’
১১ই নভেম্বর ঢাকায় সমাবেশ করবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। তার আগেই সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টাকে ‘রেফারির ভূমিকায়’ থাকতে হবে।
আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দুপুর পৌনে ১টার দিকে পুলিশে বাঁধা অতিক্রম করে তারা যমুনায় পৌঁছেন। সেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছে স্মারকলিপি দেন আট দলের প্রতিনিধিরা। এসময় আদিলুর রহমান খান বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে সকাল থেকে রাজধানীর পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল সহকারে তারা যমুনার দিকে পদযাত্রা করেন।



