আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে সুন্দর কিন্তু সে একজন খুনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আছেন ট্রাম্প। সেখানে তিনি এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে একটি অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের মধ্যকার চারদিনের যুদ্ধ নিয়ে কথা প্রসঙ্গে এ কথা বলেন ট্রাম্প।
এ সময় ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি। সে বেশ কঠোর।’
মার্কিন প্রেসিডেন্ট এ সময় দাবি করেছেন তিনি প্রথমে যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত-পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে।
ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে বলেন, ‘আমি জেনেছি ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ। আর তারা ওইদিকে এগোচ্ছিল।’
ট্রাম্প আরো বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জানাই, আপনার সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। মোদি বলেন, ‘না, না, আমাদের চুক্তি করতে হবে।’ আমি বলি, ‘না আমরা চুক্তি করতে পারব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন। আমরা চুক্তি করতে পারব না।’
‘এরপর আমি পাকিস্তানকে ফোন করি। তাদের বলি, ‘আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন।’ তারা আমাকে বলে, ‘না আমাদের যুদ্ধ করতে দিন’। তারা উভয়ই বলেছে, তারা শক্তিশালী লোক।’— বলেন ট্রাম্প।
সূত্র: হিন্দুস্তান টাইমস



