― Advertisement ―

মেটা ৬০০ কর্মী ছাঁটাই করবে এআই বিভাগ থেকে

আন্তর্জাতিক ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত নিয়োগের পর, এবার কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতেই এ পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে যে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোন প্রভাব পড়বে না। এই ছাঁটাইয়ের প্রভাব মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে।

এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের কাজের দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে কম্পানির উচ্চাভিলাষী প্রকল্পগুলোতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। এমনকি ছাঁটাই করা অনেক কর্মীকে প্রতিষ্ঠানটির অন্য বিভাগে নিয়োগ দেয়া হতে পারে।

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত নিয়োগের কারণে প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় জনবল বেড়ে গেছে। সেই চাপ কমাতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা।