নিজস্ব প্রতিবেদক
সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ওই সেনা কর্মকর্তাদের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে।
কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছিল সরকার। ধারণা করা হয়, সেই কারাগারেই ওই কর্মকর্তাদের রাখা হতে পারে।

তবে, সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার মো সারওয়ার হোসেন বলেন, ‘ওই সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা নির্দোষ, এবং সেটি আদালতে প্রমাণ হবে। যারা অপরাধ করেছে তারা ভারতে পালিয়ে গেছে।
প্রসঙ্গত, আদালতে আনা ওই সেনা কর্মকর্তারা বিগত সরকারের আমলে দুইটি গুমের মামলার আসামী। তাদের মধ্যে কয়েকজন গত বছরের জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যা মামলারও আসামি।



