আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে ইসরায়েলে মার্কিন নেতৃত্বাধীন মিশনে ‘স্বল্পসংখ্যক’ ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারে (সিএমসিসি) যুক্তরাজ্যের কয়েকজন পরিকল্পনা কর্মকর্তা যুক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন এই অভিযানের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে বৃটেন এই প্রচেষ্টায় ‘নোঙরের ভূমিকা’ পালন করবে। লন্ডনের এক অনুষ্ঠানে সোমবার তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারি।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুরোধের প্রেক্ষিতে আমরা একজন প্রথম সারির, টু-স্টার কর্মকর্তাকে বেসামরিক ও সামরিক কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং ব্রিটেন একটি নোঙরের ভূমিকা পালন করবে।’
যুক্তরাষ্ট্র ইসরায়েলের দক্ষিণ-পশ্চিমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স একটি সমন্বয় কেন্দ্র উদ্বোধনের পরপরই এই তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে হামাস জানিয়েছে, গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের লাশ খুঁজে বের করতে তাদের সময় ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।
যুদ্ধবিরতি বাস্তবায়নে বেশ কিছু উত্তেজনা দেখা দেয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি সমন্বয় করছে।



