― Advertisement ―

নেতানিয়াহুর কথা অনেকেই শুনলেন না

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের শুরুতেই প্রতিবাদ জানিয়ে কয়েক ডজন দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। পরিস্থিতি সামল দিতে সভার সভাপতি সবাইকে সভাস্থলে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

ভাষণ চলাকালে হাতে গোনা মাত্র কয়েকজন নেতানিয়াহুর বক্তব্যে হাততালি দেন। মূলত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাই হাততালি দিয়ে তাকে অভিবাদন জানায়।

এদিকে, বক্তৃতায় গতবারের মতোই একই কথা বলেন নেতানিয়াহু; ‘ইরান, হামাস ও হুতিদের সন্ত্রাসের অক্ষ’ হিসেবে অভিহিত করেন তিনি।

তার মতে, এই অক্ষ বিশ্বের অশান্তি, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও ইসরায়েলের অস্তিত্ব সংকটের কারণ।

এ সময় তিনি দম্ভভরে বলতে থাকেন, তিনি এই তিনটি শক্তিকেই আঘাত করতে সক্ষম হয়েছেন। হুথিদের হাতুড়িপেটা করেছেন, হামাসের সন্ত্রাসী কাঠামোর একটি বিরাট অংশ গুঁড়িয়ে দিয়েছেন। হিজবুল্লাহকে খোড়া করে দিয়েছেন।

সবচেয়ে বড় কথা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ভেঙেচুড়ে দিয়েছেন।