নিজস্ব প্রতিবেদক
দেশে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জাতীয় তথ্য গত সাত বছর ধরে হালনাগাদ করা হয়নি, যদিও আত্মহত্যার সংখ্যা এবং মানসিক চাপ ক্রমশ বেড়েই চলেছে। সবশেষ ২০১৮ সালে এ সংক্রান্ত তথ্য হালনাগাদ হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এরপর থেকে সমস্যা আরও বেড়েছে। কারণ, মানসিক স্বাস্থ্য নানা পরিবর্তনশীল বিষয়ের ওপর নির্ভরশীল। যেমন কোভিড মহামারি, অর্থনৈতিক ধাক্কা, জলবায়ু বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক ও পারিবারিক চাপ।
জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ২০১৮ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষা পরিচালিত হয়। এতে দেখা যায়, প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৬.৮ শতাংশ এবং ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে ১৩.৬ শতাংশ মানসিক সমস্যায় ভুগছিল।
তখনকার সমীক্ষায় আরও উঠে আসে, মানসিক রোগ শনাক্ত হওয়া প্রাপ্তবয়স্কদের ৯২ শতাংশের বেশি এবং শিশু-কিশোরদের ৯৪ শতাংশের চিকিৎসা করা হয়নি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান জানান, ২০১৮ সালের সমীক্ষাটিই ছিল সর্বশেষ জাতীয় জরিপ। এর পরবর্তী কোনো গবেষণার জন্য তহবিল মেলেনি।
তিনি বলেন, গবেষণা ছাড়া এ ধরনের পরিসংখ্যান হালনাগাদ করার কোনো ব্যবস্থা নেই।



