― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিদ্যালয়ে লাশের পোড়া গন্ধ, বার্ন ইউনিটে জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো বিদ্যালয়টি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বই-খাতা, স্কুলব্যাগ আর শিশুদের ব্যবহৃত উপকরণের স্মৃতি হাতড়াচ্ছেন স্বজনরা। সেখানে এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া লাশের গন্ধ।

অপরদিকে দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতরা বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শরীরের তাজা অংশ পুড়ে যাওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা। সব মিলিয়ে এই দুর্ঘটনায় শোক আর দুঃখের সাগরে ভাসছে পুরো দেশ। নিরপরাধ অবুঝ শিশু শিক্ষার্থীদের এমন মৃত্যুর যন্ত্রণা যেন মা-বাবা আর স্বজনদের ছাড়িয়ে সংক্রমিত হয়েছে পুরো দেশের মানুষের হৃদয়ে।

এই দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিনভর মাইলস্টোন স্কুল কিংবা হাসপাতালে প্রতিবাদী ছাত্র-অভিভাবকদের যতটা না বিক্ষুব্ধ দেখা গেছে, তার চেয়েও বেশি ক্ষোভে-দ্রোহে প্রতিবাদমুখর ছিলেন অন্যরাও। রাজধানী ছাড়িয়ে প্রতিবাদ, ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের প্রান্তিক জনপদেও। ক্ষোভ থেকে বাদ পড়েনি রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়ও। সেখানে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় অন্তত ৭৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

শোকার্ত পরিস্থিতির মধ্যে সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে ব্যাপক তোপের মুখে পড়েন। ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাঁদের পুলিশ প্রহরায় বের করে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে গতকালও জীবনযুদ্ধে পরাজিত হয়ে না-ফেরার দেশে চলে গেছেন আরো অন্তত ১১ জন। সব মিলিয়ে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। চিকিৎসকরা বলছেন, জীবন ঝুঁকিতে আছেন আরো অন্তত ২০ জন। চিকিৎসাধীন আছেন ১৬৫ জন। গতকাল দুপুরে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।