― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯জন নিহত, আহত ২ শতাধিক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত ও দগ্ধ হয়েছেন দুই শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, “এ ঘটনা আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে,”

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জনসহ মোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন।

এছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনের মরদেহ, সিএমএইচে ১১ জনের, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনের, লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনেরসহ মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।

আইএসপিআর নিহতের সংখ্যা ১৮ জন বলে জানালেও ফায়ার সার্ভিস ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।