স্বাস্থ্য ডেস্ক :
সম্প্রতি হৃদ্রোগে তরুণদের মৃত্যুর হার বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভয় না পেয়ে বরং জানা জরুরি। কোন কোন কারণে কম বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।
চিকিৎসকদের মতে, নিম্ন রক্তচাপের কারণে হার্ট ও মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছাতে পারে না। রক্তচাপ অতিরিক্ত কমে গেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। হার্টের কার্যক্ষমতা দুর্বল হয়ে গিয়ে হৃদ্রোগ, স্ট্রোক বা অর্গ্যান ফেলিওরের ঝুঁকি বাড়ে। বিশেষ করে বয়স্ক ও হৃদ্রোগে আক্রান্তদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। তাই হঠাৎ রক্তচাপ কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
উচ্চ বা নিম্ন রক্তচাপ ছাড়াও হৃদ্রোগের নানা কারণ রয়েছে:
গবেষণা অনুযায়ী, ধূমপান হৃদরোগের একটি বড় কারণ। গত কয়েক বছরে মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। নারী-পুরুষ উভয়ের জন্যই ধূমপান প্রাণঘাতী হতে পারে।
এ ছাড়াও ঘরের বাইরে তেলেভাজা ও প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড) এবং স্থূলতা হৃদযন্ত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। নিয়মিত জাংকফুড খাওয়া হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, ঘুমের অভাব। কাজের চাপ, রাত জেগে মোবাইল স্ক্রলিং, লেট নাইট শিফট ইত্যাদির ফলে অনেকেই পর্যাপ্ত ঘুমাতে পারছেন না। নিদ্রাহীনতা হার্ট অ্যাটাকের বড় কারণ বলে মনে করছেন এ বিষয়ের বিশেষজ্ঞরা।
হার্ট ভালো রাখতে হলে ধূমপান ছাড়তে হবে, সুস্থ খাদ্যাভ্যাস মেনে চলতে হবে ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে।
সূত্র : এই সময়



