― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

রাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ববি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ এবং আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তির চিত্র দেখা গেছে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ববির সামনে মহাসড়ক আটকে দেন শিক্ষার্থীরা। পরে রাত ১১ টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর ১২ টার মধ্যে দাবী পূরণের আল্টিমেটাম দিয়েছেন। এর আগে মহাসড়কে একটি মশাল মিছিল করেন তারা।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের কোন বক্তব্য পাওয়া যায়নি।

অবরোধের সময় ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা । আন্দোলন দমাতে সাধারণ ডায়েরি দায়েরের ঘটনাকে গণতান্ত্রিক অধিকার হরণ বলে জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান তারা।

সাধারণ শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবেনা। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিলো, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই কাজই করেছে।

তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল করতে হবে। সাধারণ ডায়েরি অবিলম্বে প্রত্যাহারসহ স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের দায়ে ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

মহাসড়কে আটকে পড়া বাসযাত্রী আব্দুর রহমান বলেন, পটুয়াখালী যেতে বাসে উঠে বিপদে পড়েছি। মহাসড়ক আটকে দেওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহতে হচ্ছে।

প্রসঙ্গত: ববির শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়। সোমবার (২৮ এপ্রিল) বাদী হয়ে এ ডায়েরী করেন সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. সানোয়ার পারভেজ লিটন । এতে ১০ জনের নাম উল্লেখ সহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা শিক্ষার্থীদের আসামি করা হয়েছে।

গত কয়েক দিন ধরে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে এই শিক্ষার্থীরা ।

বিএম,জ/রা