নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী :
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ‘স্ক্র্যাপ শেডে’ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের তত্ববধায়ক আবদুল হালিমকে এ কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া এ কমিটি অপর দুই সদস্য হলো বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (মেকানিক্যাল) শওকত ওসমান ও ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম।
আগামী দুই কার্য দিবসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে নির্মাণাধীন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানী লিমিটেডের ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ‘স্ক্র্যাপ শেডে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস প্রায় সাড়ে তিনঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানী লিমিটেডের সীমানা প্রাচীরের মধ্যে একটি ‘স্ক্র্যাপ শেডে’ হঠাৎ আগুন জ্বলে ওঠে। স্ক্র্যাপ শেডটি প্রায় ২০ একর জায়গায় অবস্থিত।
স্থানীয়দের কয়েকজন জানান, স্ক্র্যাপ শেডে প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের খালি বোতল, বিটুমিনের খালি ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশের টুকরা রাখা ছিল। হঠাৎ করে লাগা আগুনে এসব পুড়ে ভস্মিভূত হয়েছে। এ ছাড়া আগুনে নিরাপত্তা রক্ষীদের ১৩-১৪টি ডিউটি বক্স পুড়ে ক্ষতি হয়েছে।
এদিকে খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানী লিমিটেডের ফায়ার সার্ভিস ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরুপনে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে আরপিসিএল- কর্তৃপক্ষ।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিনঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত উদঘাটনে আমাদের তদন্ত চলছে।
আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘আমার মনে হচ্ছে হয়তো কেউ বাইরে থেকে স্ক্র্যাপ শেডে আগুন লাগিয়ে দিয়েছে। এতে মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি। তবে বিষয়টি নাশকতার উদ্দ্যেশ্য কি না তা এই মুহূর্তে তা বলা যাচ্ছেনা।’



