― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:

বরিশালে কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে অবৈধ ড্রেজিং করে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকার ভূক্তভোগী বাসিন্দারা।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে ‘নদীভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী’ ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভূক্তভোগী বাসিন্দা বেল্লাল গাজীর সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। এছাড়া স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন মো. রাব্বি হাওলাদার, নার্গিস বেগম, মো. শাহিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাসটারবাইন এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে প্রতিদিন রাত ৮ টা থেকে ভোর ছয়টা পর্যন্ত একটি চক্র নদী থেকে বালু উত্তোলন করছে। এমনিতেই ওই এলাকায় নদীভাঙন প্রবণ। এখন সেখান থেকে বালু উত্তোলন করায় ভাঙন তরান্বিত হয়ে পুরো এলাকার বাড়ি-ঘর ছয়ফুট দূরত্বে চলে এসেছে। এতে এলাকার কয়েকশ বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছে।

বক্তারা আরও বলেন, এরইমধ্যে বহু বসতবাড়ি, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে রূপাতলী ধান গবেষনা সড়ক থেকে গ্যাসটারবাইন পর্যন্ত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন । বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ড্রেজিং কার্যক্রম বেড়েই চলেছে।

বক্তারা শঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ’অবৈধ ড্রেজিং বন্ধ এবং দ্রুত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এবং পুলিশ কমিশনার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।