নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
আসরের নামাজের পর থেকেই পথচলা ও দরিদ্র মানুষ জড়ো হতে থাকেন। সড়ক এলাকার ফুটপাতে সাজানো থাকে শত শত ইফতারির থালা। এই ইফতারি থালায় থাকে ছোল, মুড়ি, পেঁয়াজু, জিলাপি ও বেগুনি। সাথে থাকে পানি, শরবত ও জুস। মাগরিবের আজানের আগেই আশপাশের পথচলা ও শ্রমজিবী মানুষ আসছেন এখানে। একসাথে অনেক মানুষ বসে ইফতার করছেন। তবে এর জন্য কোনো টাকা দিতে হচ্ছে না।
এই চিত্র পটুয়াখালী শহরের শহীদ মিনার এলাকার। এভাবেই বিনামূল্যে পুরো রমজান জুড়েই এই ইফতারির আয়োজন করেছে ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘ইফতার খানা’। এখানে ইফতারি করার পর এখানেই নামাজের ব্যবস্থা করেছে সংগঠনটি।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, বিগত বছরগুলোতে এই ‘ইফতার খানা’র কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা সমস্যা ও প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাদের । তবে এবার ভালভাবেই কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে।
‘পটুয়াখালীবাসী’ সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, প্রতিদিন আমাদের ১০-১৫ হাজার টাকা খরচ হয়। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে একেক দিন একেকজন ইফতারের খরচ বহন করছেন। আশা করছি সবার সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও পুরো রমজান জুড়েই এই কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।
পটুয়াখালী পৌরসভার প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা বলেন, এরইমধ্যে পৌরসভার পক্ষ থেকে এখানে মুসুল্লিরা যাতে ওজু করতে পারেন সেজন্য পানির সংযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনের ময়লা পরিষ্কারসহ যে কোনো প্রয়োজনে পৌরসভার কর্মচারীরা সহযোগিতা করছেন। এটি একটি মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই।
এদিকে, জেলার কলাপাড়া উপজেলা শহরে শিক্ষার্থীদের জমানো টাকায় ‘কলাপাড়াবাসী’ নামের আর একটি সংগঠনের উদ্যেগে রমজান মাসজুড়ে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে ১ টাকায় ইফতার বিক্রি চলছে। ইফতার প্যাকেটে থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চাপ, বেগুনি ও জিলাপি; যা একজন রোজাদারদের জন্য পর্যাপ্ত।
প্রথম রমজান থেকে কলাপাড়া পৌর শহরের মনোহরপট্টিতে বসে এ ১ টাকার ইফতার বাজার। দুপুরের পর কলাপাড়াবাসী সংগঠনের সদস্যরা নিজেরা প্যাকিং শুরু করে। এ সংগঠনের সব সদস্যই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বছরজুড়ে তাদের জমানো টাকা দিয়ে গত ৫ বছর ধরে রমজানে ১ টাকায় ইফতার বিক্রির বাজার চালু রয়েছে।
এই ইফতার প্যাকেট কিনতে বিকেল ৫টার পরই সমাগম হতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ। যারা টাকা দিতে পারছেন না, তাদের এই ইফতার প্যাকেট দেওয়া হয় প্রতীকী মূল্য ছাড়াই। স্বল্পআয়ের মানুষের ১ টাকায় এতসব ইফতারি আইটেম কিনতে পেরে তারা খুশি।
কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, রমজানজুড়ে ছয় হাজার দরিদ্র মানুষের কাছে তারা এভাবে ইফতার বিক্রি করবেন।
গঠনটির সভাপতি নজরুল ইসলাম বলেন, সদস্যরা করোনাকালে করোনা আক্রান্ত মানুষের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, শীতকালে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।



