ঝালকাঠি প্রতিনিধিঃ আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে সারাদেশের মতো ঝালকাঠির দুটি পৌরসভাসহ চার উপজেলায় মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
‘আপনার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ান,( শিশু মৃত্যুর ঝুঁকি কমান’- এই স্লোগানে সারাদেশের মতো ঝালকাঠিতে জেলা সদর হাসপাতালে শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এবছর ঝালকাঠিতে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৬০৮ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঝালকাঠির ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন আর দুইটি পৌরসভায় একযোগে ৮২৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এর বাইরেও জেলায় আরও ৬টি ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ৬৪৮ জন স্বাস্থ্যকর্মীসহ আরও ৩৬০ জন মাঠকর্মী নিয়োজিত থাকবেন।
কোনো শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাসসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে সর্বত্র মাইকিং ও জুম্মার নামাজের আগে জনগণকে জানান দেওয়া হবে।
এছাড়াও ভ্রমণে থাকাকালীন সময়েও বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাটে অবস্থিত টিকা কেন্দ্রসহ যে কোনো টিকাদান কেন্দ্র থেকে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বিএম/জ/রা



