ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরেদরে সবাইকে “শাহবাগী”বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দীর্ঘ এক পোস্টে এ বার্তা দেন তিনি।
রাজধানীর শাহবাগে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম লিখেছেন, শাহবাগে যারা গিয়েছিল (তাদের) একটা বড় অংশ ‘চেতনা’র অন্ধতায় পড়ে গিয়েছিল।
অনেক ছাত্র-তরুণ ইসলামবিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল।
তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এ দেশে মবোক্রেসি (মবতন্ত্র) কায়েম করেছিল।
যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসন– বিরোধীদলীয় কর্মীদের গুম, খুন, ধর্ষণ ও নিপীড়ন।
কিন্তু শাহবাগে অংশ নেয়া অনেক ছাত্র-তরুণই তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন উল্লেখ করে তথ্য উপদেষ্টা লিখেছেন, গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন।
আহত ও নিহত হয়েছেন। তারা আমাদের সহযোদ্ধা। তারা আমাদের কমরেডস বটে! এ অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করেছেন।
তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত, তথা কাফফারা আদায় করেছেন।
বিএম/জ/রা



